সাইকেল ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট স্বামী, বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্ত্রীও

ছবি- সংগৃহীত
গুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার বেলঘড়িয়া গ্রামের আনোয়ার হোসেন (৬০) এবং তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল তিনটার দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ও তার স্ত্রী নিজ বাড়িতেই বসবাস করতেন। তাদের একমাত্র মেয়ে খাদিজা খাতুন নাটোরে থাকেন। নিহতদের বাড়ির রান্নাঘরের পাশে থাকা একটি বৈদ্যুতিক তার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। বিকেলে আনোয়ার হোসেন বাড়িতে প্রবেশের সময় রান্নাঘরের পাশে রাখা একটি সাইকেল স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী রমিছা খাতুনও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরে প্রতিবেশী পুটু মিয়া ওই বাড়িতে গিয়ে স্বামী-স্ত্রীকে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








