রাজধানীর যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের চলাচলের সময় রাতের দিকে ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই সময়সূচি রোববার (৭ জুন) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, বর্ধিত সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। বর্তমানে এ রুটে শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে।

অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে প্রায় এক মাস ধরে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বর্ধিত সময়সূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত ২০ মিনিটে প্রতিটি দিকে একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। ফলে এই সময়ে একটি ট্রেনের পর আরেকটি ট্রেনের মধ্যে প্রায় ১০ মিনিট ব্যবধান থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, “রাতে উভয় দিক থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, নতুন সময়সূচির মাধ্যমে যাত্রীরা আরও বেশি সুবিধা পাবেন।”

বর্তমানে প্রতিদিন সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল ৬টা ৩০ মিনিটে। আর মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন ছেড়ে যায় সকাল ৭টা ১৫ মিনিটে।

তবে আপাতত সকালের সময়সূচিতে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

যাত্রীসেবার মান উন্নয়ন এবং অফিস শেষে যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রাইমটিভি/কেআর