ময়মনসিংহের ধোবাউড়ায় কংস নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়েছে। এতে তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা।

স্থানীয় প্রশাসন জানায়, রোববার (৭ জুন) ভোরে বালুবোঝাই একটি ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ট্রাকটি নিচে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, প্রায় ১০ বছর আগেই ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপরও এটি দিয়ে যান চলাচল অব্যাহত ছিল। ঘটনার পরপরই প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় দুই উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের জন্য বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুত মেরামত অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি এলাকায় নতুন করে সড়ক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

প্রাইমটিভি/এনজি