ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। আগামী ১১ জুন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের প্রস্তুতির মধ্য দিয়ে এটি সংসদের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশনে রূপ নিচ্ছে।

রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশন শুরুর মধ্য দিয়েই নতুন অর্থবছরের বাজেট আলোচনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।

এর আগে গত ৭ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়। এবার দ্বিতীয় অধিবেশনকে ঘিরে আইন প্রণয়ন ও বাজেট আলোচনায় সংসদ আরও ব্যস্ত সময় পার করবে বলে ধারণা করা হচ্ছে।

সংসদ সচিবালয় বলছে, বাজেট অধিবেশন হওয়ায় এবার করনীতি, উন্নয়ন ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে সংসদে।

প্রাইমটিভি/কেআর