সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলা এবং ভবিষ্যৎ সংকট প্রতিরোধে জাতীয় সংসদের বিশেষ কমিটি তাদের প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছে। প্রতিবেদনে জ্বালানি তেলের কৌশলগত মজুত সক্ষমতা কমপক্ষে তিন মাসে উন্নীত করা, আমদানির উৎস বহুমুখীকরণ এবং সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল মনিটরিং চালুসহ ১২টি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে।

রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং দেশের অভ্যন্তরে প্যানিক বায়িং ও অবৈধ মজুদের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট চাপের প্রেক্ষাপটে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে ১০ সদস্যবিশিষ্ট এই বিশেষ কমিটি গঠন করা হয়।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বাধীন কমিটি গত ৩ মে ও ১৯ মে অনুষ্ঠিত দুটি বৈঠকের মাধ্যমে সুপারিশমালা চূড়ান্ত করে।

কমিটির প্রধান সুপারিশগুলোর মধ্যে রয়েছে— জ্বালানি তেলের কৌশলগত মজুত সক্ষমতা বৃদ্ধি করে অন্তত তিন মাসের চাহিদা পূরণের ব্যবস্থা করা, আমদানির উৎস বহুমুখীকরণ, জ্বালানি সরবরাহ ব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটাল মনিটরিং চালু, অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর আইন প্রয়োগ এবং এলএনজি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন, সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল-২) দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রতিবেদনে বিপিসির পাশাপাশি বেসরকারি খাতের মাধ্যমে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা যাচাইয়ে প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনার সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে ভবনগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং এর কার্যকর তদারকি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

কমিটি সিস্টেম লস কমাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ, তেল, গ্যাস, কয়লা, সৌর ও বায়ু শক্তি থেকে সমন্বিত বিদ্যুৎ উৎপাদন কৌশল প্রণয়ন এবং ভবিষ্যৎ জ্বালানি ও বিদ্যুতের চাহিদা নির্ধারণে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে সমীক্ষা পরিচালনার সুপারিশ করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী বিকল্প হওয়ায় দেশীয় কয়লা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা উচিত। বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলিত কয়লা অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ অথবা বিকল্প খাতে ব্যবহারের জন্য নিরাপদ ও সাশ্রয়ী সমাধান খুঁজে বের করার পরামর্শও দেওয়া হয়েছে।

প্রাইমটিভি/কেআর