নারায়ণগঞ্জে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় সাজেদা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
বুধবার (২৪ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকায় অভিযান চালিয়ে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় দায়ের করা একটি মামলায় সাজেদা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা বাস্তবায়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সাজেদা আক্তার কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী।
মামলার নথি অনুযায়ী, স্বামী শাকিল আলম যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় স্ত্রীর বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করেন। গত সোমবার (২২ জুন) আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি তার যোগদানের আগের হলেও আদালতের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাজেদা আক্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





