সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটক করে স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ওই নারী প্রকাশ্যে ইমামকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদ (টাঙ্গাইল পাড়া)-এর ইমাম মো. সেলিম ওই এলাকার এক বিধবা নারীর বাড়িতে যান।  কিন্তু এ দিন এলাকাবাসী তার উপস্থিতি টের পেয়ে সেখানে গিয়ে তাকে আটক করেন। অভিযুক্ত ইমাম উপজেলার নলছিয়া এলাকার বাসিন্দা এবং তিনি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন।

স্থানীয়দের ভাষ্য মতে, নারীর স্বামী মারা যাওয়ার পর থেকেই তার সঙ্গে ইমাম সেলিমের যোগাযোগ ছিল এবং এ নিয়ে এলাকায় বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনা চলছিল।

অভিযোগের বিষয়ে মো. সেলিম জানান, “গত প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ ছিল। সেই সূত্রেই আমি তার বাড়িতে যাই। পরে স্থানীয় লোকজন এসে আমাকে আটক করে”।

অন্যদিকে শানু বেগম বলেন, “আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। পরে তিনি আমার ঘরে আসেন। আমি তাকে বিয়ে করতে চাই”।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমআর