জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হুমায়ুন আহমেদ (২৫) ও তার স্ত্রী শ্রাবন্তী (২০) তাদের আট মাস বয়সী একমাত্র ছেলে শাওনকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে স্ত্রী ও সন্তানকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন হুমায়ুন।

একপর্যায়ে পাশের বেপারীপাড়া এলাকায় একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। একই স্থানে উপস্থিত ছিলেন শিশুটির মা শ্রাবন্তীও। পরে স্থানীয়রা তাকে আটক করে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে হেফাজতে নেয়।

শিশুটির বাবা হুমায়ুন আহমেদ দাবি করেন, এর আগেও একাধিকবার তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং পারিবারিক বিষয় নিয়ে কয়েকবার সালিসও হয়েছে। তার অভিযোগ, স্ত্রীই তাদের সন্তানকে হত্যা করেছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমএইচ