লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন সাবেক এক নেতা।

জানা যায়, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন মো.জাহিদ। নতুন কমিটিতে শীর্ষ কোনো পদ পাওয়ার প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। এতে ক্ষোভ ও হতাশা থেকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে। তাঁর ৯ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত শনিবার রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আবুল বারাকাত-কে আহ্বায়ক,আবদুল্লাহ আল খালেদ-কে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং হাসিবুর রহমান-কে সদস্যসচিব করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নতুন এই আহ্বায়ক কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

কমিটি ঘোষণার পর ফেসবুক লাইভে এসে মো. জাহিদ দাবি করেন, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও তাঁকে মূল্যায়ন করা হয়নি। তিনি অভিযোগ করেন, নতুন কমিটিতে প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

লাইভে বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন,

“জেলা ছাত্রদলের রাজনীতিতে যে কালো অধ্যায় রচনা করেছেন, কী করে ভুলব... আজ জাহিদকে আপনারা ভুলে গেছেন।”

এর আগে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৮ সালে। ওই কমিটিতে হাসান মাহমুদ সভাপতি এবং আবদুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।