সংসদে সরকারের সমালোচনা করলে নির্বাচনী এলাকায় বাজেট বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে ‘প্রটেকশন’ বা সুরক্ষা দাবি করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা আবার দেখতে পাচ্ছি, আমাদেরকে শঙ্কার মধ্যে ফেলে প্রতিহিংসার রাজনীতি শুরু হচ্ছে। একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় একজন গণমাধ্যম সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। তাকে জেলে নেওয়া হয়েছে।”

স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, “আমি আপনার প্রটেকশন দাবি করছি। কারণ আমরাও কথা বলতে ভয় পাই। আমরা যদি সরকারের সমালোচনা করি, কোনো প্রতিমন্ত্রী বা মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, তাহলে আমার এলাকার বাজেট দেওয়া বন্ধ করে দেওয়া হবে না— তার কোনো নিশ্চয়তা নেই।”

তিনি আরও বলেন, “এই কারণে আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় আওয়াজটা একটু কম করে বলে। আপনার কাছে অনুরোধ, আমার কারণে যেন আমার এলাকার মানুষ বঞ্চিত না হয়।”

বিরোধী মত প্রকাশের অধিকার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “সংসদে অনুমতি নিয়ে কখনো বিরোধিতা হয় না। আমি কখনো অনুমতি নিয়ে আপনার বিরোধিতা করতে চাই না।”

তার এই বক্তব্যের মাধ্যমে সংসদে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে।

প্রাইমটিভি/কেআর