ইতালিয়ান সিরি লিগে জেনোয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কোমোর উদীয়মান আর্জেন্টাইন তারকা নিকো পাজকে। তবে প্রাথমিক পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা না পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম।

রোববার (২৬ এপ্রিল) স্টাদিও লুইজি ফেরারিসে ম্যাচের প্রথমার্ধে জেনোয়ার ডিফেন্ডার আলেসান্দ্রো মারকানদাল্লির সঙ্গে বল দখলের লড়াইয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।

আঘাত পাওয়ার পরপরই নিকো পাজ জানান, তিনি এক চোখে ঝাপসা দেখছিলেন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে কোচ সেস্ক ফাব্রেগাস ঝুঁকি না নিয়ে বিরতির সময়ই তাকে তুলে নেন এবং উন্নত পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান।

ম্যাচ শেষে কোচ ফাব্রেগাস বলেন, “নিকো এখন আগের চেয়ে ভালো আছে। এক চোখে দেখতে সমস্যা হওয়ায় আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। দলের কাছে খেলোয়াড়দের সুস্থতা সবকিছুর ঊর্ধ্বে।পরে স্কাই স্পোর্ট ইতালিয়া জানায়, সব রিপোর্ট স্বাভাবিক আসায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।

চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন এই তরুণ তুর্কি। ৩৮ ম্যাচে ১৩ গোল ৮টি অ্যাসিস্ট করে তিনি বর্তমানে সিরি অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এমন ফর্মে মুগ্ধ হয়ে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে আবারও দলে ভেড়ানোর চিন্তা করছে। ধারণা করা হচ্ছে, আগামী গ্রীষ্মে মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ ব্যবহার করে তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে নিতে পারে স্প্যানিশ জায়ান্টরা।

আপাতত নিয়মিত 'কনকাশন প্রোটোকল' অনুসরণ করে পুরোপুরি সুস্থ হয়ে দ্রুতই মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।