অপরিবর্তিত স্কোয়াড নিয়ে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা

টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত
চট্টগ্রামে জয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে বৃষ্টির বাধায় দ্বিতীয় ম্যাচটি মাঠে না গড়ানোয় বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক টাইগার’রা। এই সমীকরণ মাথায় নিয়েই আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাস ঝরেছে মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেনের কণ্ঠে। তিনি বলেন, আমাদের সামনে সিরিজ জেতার একটা দারুণ সুযোগ আছে। অবশ্যই আমরা জেতার জন্যই মাঠে নামব এবং সিরিজটি নিজেদের করে নিতে চাইব। বৃষ্টির কারণে একটি ম্যাচ পণ্ড হলেও দলের ছন্দ ও মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি বলে তিনি আভাস দেন।
সিরিজের শেষ ও নির্ধারিত এই ম্যাচের জন্য বাংলাদেশ দলের স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। নির্বাচকরা বিজয়ী দলের ওপরই আস্থা রেখেছেন। লিটন দাসের নেতৃত্বে তারুণ্যনির্ভর এই দলটি মিরপুরের চেনা উইকেটে স্পিন ও পেসের বৈচিত্র্য কাজে লাগিয়ে কিউইদের বধ করতে মরিয়া।
তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াডে যথাক্রমে খেলবেন লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








