একদিনের সরকারি সফরে সিলেটে পৌঁছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর জমকালো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২’মে) সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া উৎসবের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান এবং সেখানে জিয়ারত সম্পন্ন করেন।

মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সিলেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর বিকেলে সিলেট স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ফেস্টিভ্যালের উদ্বোধন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সমাবেশে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণে এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।