মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়া টাইগারদের ইনিংসে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার ৪ বলে ৩ উইকেটে ৫০ রান।

শনিবার (২ মে) ইনিংসের শুরুতে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ইতিবাচক শুরুর আভাস দিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। উদ্বোধনী জুটিতে ২১ রান যোগ করার পর ১৬ রান করে সাজঘরে ফেরেন সাইফ। এরপর দলীয় ৩৫ রানে আরও দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তানজিদ তামিম ১০ রানে এবং পারভেজ ইমন কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন।

দ্রুত উইকেট পতনের পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। বিশেষ করে লিটন দাস আগ্রাসী মেজাজে ব্যাট করে চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে তিনি মাত্র ১৩ বলে ২৫ রান করে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন হৃদয়।

মাঠে বৃষ্টির তীব্রতা থাকায় আপাতত খেলা বন্ধ রেখেছেন আম্পায়াররা। বৃষ্টির পর খেলা পুনরায় শুরু হলে বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।