ফিফার ৭৬তম কংগ্রেসকে কেন্দ্র করে চরম নাটকীয়তার সৃষ্টি হয়েছে। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিতে গিয়ে টরন্টো বিমানবন্দরে দীর্ঘ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও হেনস্তার শিকার হতে হয়েছে ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএফআইআর) সভাপতি মেহেদি তাজসহ প্রতিনিধি দলকে। এই ঘটনার প্রতিবাদে ফিফা সভাপতির বিশেষ বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশে ফিরে গেছেন তারা।

রয়টার্স ও ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায়, ফিফার ৭৬তম কংগ্রেসে ফিফার ২১১টি সদস্য দেশের সঙ্গে ইরানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে টরন্টো বিমানবন্দরে পৌঁছালে মেহেদি তাজকে আটকে দেয় কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক সদস্য ছিলেন। উল্লেখ্য, আইআরজিসি সদস্যদের কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

মেহেদি তাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সবার বৈধ ভিসা থাকা সত্ত্বেও তারা দীর্ঘ তিন ঘণ্টা বসিয়ে রেখে আইআরজিসি সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করে। পরে আমাকে প্রবেশের অনুমতি দিলেও আমি অপমানিত বোধ করে ফিরে আসার সিদ্ধান্ত নিই। তিনি আরও যোগ করেন, তারা ফিফা মহাসচিবকে জানিয়েছেন যে ফিফা আমেরিকার ভয়ে ভীত।

ঘটনার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানি প্রতিনিধিদের সম্মেলনে ফিরিয়ে নিতে বিশেষ বিমানের প্রস্তাব দিলেও তারা তা সরাসরি প্রত্যাখ্যান করেন। মেহেদি তাজ স্পষ্ট জানিয়েছেন, বিশ্বকাপের আগে দলের নিরাপত্তা ও বাহ্যিক বিতর্ক এড়াতে ফিফার আরও নিরপেক্ষ ভূমিকা পালন করা প্রয়োজন।