পয়েন্ট হারালে রিয়াল, চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা

ছবি- সংগৃহীত
স্প্যানিশ লা লিগার শিরোপা’র ভাগ্য আজ রাতেই নির্ধারিত হয়ে যেতে পারে। এসপানিওলের মাঠে আজ রাতে রিয়াল মাদ্রিদ যদি পয়েন্ট হারায় হার অথবা ড্র করে, তবে চার ম্যাচ অবশিষ্ট রেখেই লিগ চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতবে বার্সেলোনা।
গতকাল ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের ঘামঝরানো জয়ে শিরোপার সমীকরণ পুরোপুরি নিজেদের নাগালে নিয়ে এসেছে বার্সেলোনা। ম্যাচের দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ৮১ মিনিটে রবার্ট লেভানডফস্কি ডেডলক ভাঙেন। ৮৬ মিনিটে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করলে জয় নিশ্চিত হয় বার্সার। ওসাসুনার রাউল গার্সিয়া একটি গোল শোধ করলেও তা বার্সার জয়রথ থামাতে পারেনি।
এই জয়ের পর ৩৪ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৮৮। অন্যদিকে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বর্তমানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে পয়েন্ট ব্যবধান ১৪ পয়েন্ট।
যদি আজ রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারায়, তবে হাতে থাকা বাকি ৪ ম্যাচে বার্সেলোনাকে টপকানো রিয়ালের জন্য গাণিতিকভাবে অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে আজই শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার।
আর রিয়াল জিতলে ব্যবধান কমে দাঁড়াবে ১১ পয়েন্টে। সেক্ষেত্রে শিরোপার চূড়ান্ত ফয়সালা হতে পারে আগামী ১১ মে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’তে।
পুরো মৌসুমজুড়ে দাপুটে ফুটবল খেলা বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদ ও এসপানিওলের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে আছে। আজ রাতেই কি স্পেনে বার্সার রাজত্ব পুনপ্রতিষ্ঠিত হচ্ছে, নাকি অপেক্ষা বাড়ছে- তা জানতে ফুটবল বিশ্বের চোখ এখন এসপানিওলের মাঠে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








