ফুলহ্যামকে উড়িয়ে শিরোপা জয়ের পথে একধাপ এগিয়ে আর্সেনাল

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি- সংগৃহীত
ফুলহামকে বড় ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে আর্সেনাল। শনিবার (২’মে) ফুলহামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গানাররা প্রমাণ করেছে, ২০০৪ সালের পর আবারও লিগ শিরোপা ঘরে তুলতে তারা কতটা মরিয়া হয়ে আছে। এই জয় শিরোপার লড়াইয়ে টিকে থাকার নতুন রসদ জোগাবে বলে মনে করছেন কোচ মিকেল আর্তেতা।
ফুলহামের বিপক্ষে দাপুটে জয়ের পর আর্তেতা সাংবাদিকদের বলেন, "এই জয় আমাদের ড্রেসিংরুমকে বার্তা দিচ্ছে যে, আমাদের স্বপ্ন এখনো বেঁচে আছে। ছেলেরা পুরো মৌসুমজুড়ে যা করেছে তা সত্যিই অসাধারণ। বিশেষ করে চোটের কারণে নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতেও তারা যেভাবে লড়ে যাচ্ছে, তা প্রশংসার দাবি রাখে।"
৩৫ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। তবে এই গানারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সিটিজেনরা সুবিধাজনক অবস্থানে থাকলেও, আর্সেনাল কোনোভাবেই পয়েন্ট হারানোর ঝুঁকি নিতে চাইছে না।
আগামী মঙ্গলবার (৫’মে) চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল। ইউরোপ সেরার লড়াইয়ে ফাইনালে ওঠার আগে এই জয় দলকে মানসিক স্বস্তি দিচ্ছে। আর্তেতার মতে, মঙ্গলবারের বড় ম্যাচের আগে ড্রেসিংরুমের বর্তমান ছন্দ ও আত্মবিশ্বাস দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








