পরিচ্ছন্নতাকর্মীদের টাকা চুরি, বিসিবি-দুর্নীতি’তে ক্ষুব্ধ তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ছবি- সংগৃহীত;
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক নিয়ে দুর্নীতির অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে নারী কর্মীদের ন্যায্য মজুরি না দিয়ে বড় একটি অংশ আত্মসাৎ করার বিষয়টিকে তিনি জঘন্য বলে আখ্যায়িত করেছেন।
সম্প্রতি মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন গ্যালারি ও ওয়াশরুম পর্যবেক্ষণে যান তামিম। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিসিবি প্রতি কর্মীর জন্য ৬৫০ টাকা বরাদ্দ দিলেও কর্মীরা পাচ্ছেন মাত্র ৩০০ টাকা। এই দরিদ্র নারীদের উপার্জিত টাকা থেকে যারা ভাগ বসাচ্ছে, তাদের এই কর্মকাণ্ড অত্যন্ত নিচুতলার কাজ।"
তামিম আরও জানান, ২০০৭ সালে স্টেডিয়ামটি তৈরির পর দীর্ঘ ১৯ বছরে ওয়াশরুমের কোনো সংস্কার কাজ হয়নি। আন্তর্জাতিক ভেন্যুর এমন বেহাল দশা নিয়ে খোদ বিদেশিরাও অভিযোগ করেছেন। ফিনল্যান্ড থেকে আসা এক পর্যটকের উদাহরণ টেনে বিসিবি সভাপতি বলেন, "একজন বিদেশি নারী দর্শক আমাকে সরাসরি ওয়াশরুম সংস্কারের অনুরোধ করেছেন, যা আমাদের জন্য বিব্রতকর।"
বিসিবি সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কোম্পানিকে আগামীতে তার সামনেই কর্মীদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। তিনি সাফ জানিয়ে দেন, চুক্তির শর্ত অনুযায়ী কর্মীদের টাকা না দিলে সেই কোম্পানির সাথে চুক্তি বাতিল করা হবে এবং ভবিষ্যতে বিসিবিতে কাজ করার জন্য তাদের আজীবনের জন্য কালো তালিকাভুক্ত করা হবে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








