আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বড় সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত সর্বশেষ তালিকায় শ্রীলঙ্কাকে হটিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে লাল-সবুজের দল। অন্যদিকে, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দিয়ে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। নতুন এই সমীকরণে বাংলাদেশের পয়েন্টে ১ পয়েন্ট যোগ হওয়ায় মোট ২২৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বর থেকে ৮ম স্থানে উঠে এসেছে। অন্যদিকে শ্রীলঙ্কান দল ৬ পয়েন্ট হারিয়ে ২২১ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে নেমে গেছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে অজেয় শক্তিতে পরিণত হয়েছে ভারত। ২০২৪ বিশ্বকাপ জয়ের পর থেকে টানা সাফল্যের ধারাবাহিকতায় ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড (২৬২) এবং তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার (২৫৮) চেয়ে পয়েন্ট ব্যবধানে অনেকটা এগিয়ে রোহিত-বিরাটদের উত্তরসূরিরা।

সেরা সাত অবস্থানে বাংলাদেশ ছাড়া আর কোনো বড় পরিবর্তন আসেনি-

·         ৪র্থ: নিউজিল্যান্ড (২৪৭ পয়েন্ট)

·         ৫ম: সাউথ আফ্রিকা (২৪৪ পয়েন্ট)

·         ৬ষ্ঠ: পাকিস্তান (২৪০ পয়েন্ট)

·         ৭ম: ওয়েস্ট ইন্ডিজ (২৩৩ পয়েন্ট)

এবারের হালনাগাদে সবচেয়ে বড় চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। ৬ পয়েন্ট বাড়িয়ে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে পেছনে ফেলে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে তারা। এছাড়া জিম্বাবুয়ে ১১তম এবং আয়ারল্যান্ড ১২তম অবস্থানে রয়েছে।