দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা লিবার্তাদোরেস-এ কলম্বিয়ার ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে মেডেলিন এবং বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের ফ্লামেঙ্গোর মধ্যকার ম্যাচটি অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জেরে পরিত্যক্ত ঘোষিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আতানাসিও জিরারদোত স্টেডিয়ামে খেলা শুরুর পরপরই স্বাগতিক সমর্থকদের মারমুখী আচরণ ও স্টেডিয়ামে অগ্নিকাণ্ডের আশঙ্কায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই গ্যালারিতে থাকা স্বাগতিক মেডেলিনের সমর্থকরা ব্যাপক হারে আতশবাজি জ্বালাতে শুরু করেন। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়লে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হলে রেফারি দ্রুত খেলা বন্ধ করে ফুটবলারদের মাঠ ছাড়ার নির্দেশ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আঞ্চলিক ফুটবল সংস্থা কনমেবল ম্যাচটি স্থগিত করে দর্শকদের গ্যালারি খালি করার নির্দেশ দেয়। মূলত ক্লাবের ধারাবাহিক খারাপ ফলাফল ও ম্যানেজমেন্টের ব্যর্থতার প্রতিবাদে মাস্ক পরা কট্টর সমর্থকরা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে।

এই ঘটনার পর সফরকারী ফ্লামেঙ্গোর স্পোর্টিং ডিরেক্টর হোসে বোতো কনমেবলের কাছে পূর্ণ তিন পয়েন্ট দাবি করেছেন। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ দায়িত্ব ছিল স্বাগতিক দলের। যেহেতু তারা পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে, তাই নিয়ম অনুযায়ী ফ্লামেঙ্গোকে বিজয়ী ঘোষণা করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্লাবটি জানিয়েছে, এই বিশৃঙ্খলার দায় তাদের নয় এবং নিয়মকানুন অত্যন্ত স্পষ্ট।

বর্তমানে কোপা লিবার্তাদোরেসের গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থানে রয়েছে ব্রাজিলের শক্তিশালী ক্লাব ফ্লামেঙ্গো। অন্যদিকে, কলম্বিয়ার এই ক্লাবটি পয়েন্ট তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। কনমেবল এখনো পয়েন্টের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি, তবে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য মেডেলিন ক্লাবকে বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।