মিরপুরে টাইগারদের রানের পাহাড়- টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ৩০১ রান

টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত;
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি এবং মুমিনুল হকের লড়াকু ইনিংসের ওপর ভর করে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে টাইগাররা। শুক্রবার (৮ মে) প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০১ রান।
সকালে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তবে শুরুটা স্বস্তিদায়ক ছিল না স্বাগতিকদের জন্য। দলীয় ৩১ রানের মধ্যেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (৮) ও সাদমান ইসলাম (১৩) গ্যালারিতে ফেরেন। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন শান্ত ও মুমিনুল।
তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার ১৭০ রানের এক বিশাল জুটি গড়ে তুলেন। পাকিস্তানি বোলারদের শাসন করে শান্ত তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি। ১২টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ১০১ রানের ইনিংসটি শেষ হয় সেঞ্চুরি ছোঁয়ার ঠিক পরেই। শান্তর বিদায়ের পর মুমিনুল হক সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ২০০ বলে ৯১ রান করে তিনি আউট হলে ভাঙে টাইগারদের প্রতিরোধ।
দিনের শেষ ভাগে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস সতর্কতার সঙ্গে খেলা শেষ করেন। মুশফিক ৪৮ ও লিটন ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, হাসান আলি ও নোমান আলী একটি করে উইকেট শিকার করেন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








