যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বকাপ খেলবে ইরান

ইরান ফুটবল টিম
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতি এবং রাজনৈতিক টানাপোড়েনের কারণে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তার অবসান ঘটেছে। শনিবার (৯ মে) ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তারা উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে।
ইরান ফুটবল ফেডারেশন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে জায়গা পাওয়া ইরানকে কোনো বাইরের শক্তি বঞ্চিত করতে পারবে না। তবে অংশ নেওয়ার ক্ষেত্রে আয়োজক দেশগুলোর কাছে নিজেদের সংস্কৃতি, আদর্শ ও নিরাপত্তার স্বার্থে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে দেশটি।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নিতে তারা ১০টি শর্ত দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য সহজ ভিসা প্রক্রিয়া নিশ্চিত করা। জাতীয় পতাকা ও সংগীতের পূর্ণ মর্যাদা রক্ষা। বিশেষ করে আইআরজিসি-তে বাধ্যতামূলক সামরিক সেবা সম্পন্ন করা খেলোয়াড়দের (যেমন: মেহদি তারেমি ও এহসান হাজসাফি) নির্বিঘ্ন প্রবেশাধিকার। এবং বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন যে, ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে। গ্রুপ ‘জি’-তে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইরানের ফুটবল বিশ্বকাপ মিশন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








