সময়টা এখন পুরোপুরি নাহিদ রানার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের এই তরুণ ফাস্ট বোলার আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করে ৮ উইকেট শিকার করেন নাহিদ রানা। সেই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি।

শুধু নিউজিল্যান্ড সিরিজই নয়, এর আগে মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সমানভাবে উজ্জ্বল ছিলেন তিনি। তিন ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। এরপর পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করে ৪০ রানে ৫ উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার।

এটি নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার। গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে এই সম্মান অর্জন করেছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (দুইবার) এবং মেহেদী হাসান মিরাজ।

পুরস্কার জয়ের পর নাহিদ রানা বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারাটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন একটি সিরিজ খেলতে পারা এটিকে আরও বিশেষ করে তুলেছে। এই সিরিজ আমি সবসময় মনে রাখব।”

নিউজিল্যান্ড সিরিজের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি তার। প্রথম ওয়ানডেতে ৬৫ রান দিয়ে নিয়েছিলেন মাত্র ১ উইকেট। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করেন তিনি।

এর আগে চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছিলেন নাহিদ। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে আরও ২ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জিতে নেন তিনি।

এদিকে মেয়েদের বিভাগে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট।

প্রাইমটিভি/কেআর