ওয়ানডেতে ফেরার পরিকল্পনা নেই, জানালেন মুশফিক

মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত
মুশফিকুর রহিম গেল বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে তিনি ঘরোয়া ক্রিকেট ও টেস্ট ফরম্যাটে নিয়মিত খেললেও সম্প্রতি তার ওয়ানডে দলে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
গুঞ্জন ছিল, মেহেদী হাসান মিরাজ-এর চাওয়ায় আবারও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ফিরতে পারেন মুশফিক। তবে এবার সেই আলোচনা নিয়ে মুখ খুলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল-এর মধ্যকার দ্বিতীয় টেস্টের আগের দিন সিলেটে সংবাদ সম্মেলনে এসে ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা নাকচ করে দেন তিনি।
মুশফিক বলেন, “ওয়ানডেতে ফেরার কোনো পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিল। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্সড।”
এক ফরম্যাটে খেলা ক্রিকেটারদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান মুমিনুল হক ও তাইজুল ইসলাম-কে।
তিনি বলেন, “আমি গত দুই বছর ধরে শুধু টেস্ট ফরম্যাটে খেলছি। তাই তাদের কষ্টটা বুঝতে পারি। যখন তাদের হাসি দেখি, অন্যরকম ভালো লাগে।”
এদিকে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে থেকে শেষ করার আশাবাদও ব্যক্ত করেন মুশফিক। একই সঙ্গে ঘরের মাঠে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জনের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
তার ভাষায়, “গতবারের চেয়ে ভালো অবস্থানে টেস্ট সাইকেল শেষ করতে চাই। হোমে যতটা সম্ভব পয়েন্ট নিতে চাই।”
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








