পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের পর সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুরে ভয়ডরহীন ও ধারাবাহিক ক্রিকেট খেলে জয় পাওয়া নাজমুল হোসেন শান্তর দলে এবার আসতে পারে দুটি পরিবর্তন।

দ্বিতীয় টেস্টে লাল বলের ক্রিকেটে অভিষেক হতে পারে বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিমের। পাশাপাশি চোট ও ফিটনেস বিবেচনায় ইবাদত হোসেনের জায়গায় একাদশে ফিরতে পারেন পেসার শরিফুল ইসলাম।

২০২৩ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। এরপর ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে খেলেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮১ ম্যাচ খেললেও এখনো টেস্ট অভিষেক হয়নি তার। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

প্রথম টেস্টে বাংলাদেশ দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই ছিল দুর্দান্ত। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দল পাঁচ দিনই নিয়ন্ত্রিত ক্রিকেট খেলেছে। দ্বিতীয় টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম।

প্রাইমটিভি/কেআর