বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচনের আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়েছে। শনিবার (১৬ মে) বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এছাড়া ২২ ও ২৩ মে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই ও প্রত্যাহারের নির্ধারিত প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিসিবির নির্বাচনকে ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা ও তোড়জোড় শুরু হয়েছে। নতুন পরিচালনা পর্ষদে কারা জায়গা পাচ্ছেন এবং দেশের ক্রিকেট প্রশাসনে কোনো পরিবর্তন আসছে কি না—সেদিকেই এখন নজর ক্রীড়াপ্রেমীদের।

এর আগে কাউন্সিলর মনোনয়ন নিয়েও বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরিতে নতুন মুখ দেখা যেতে পারে।

প্রাইমটিভি/কেআর