বিশ্বরেকর্ড আরও উঁচুতে নিলেন নেপালের কিংবদন্তি শেরপা কামি রিতা। ৫৬ বছর বয়সী এই পর্বতারোহী ৩২তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে আবারও ইতিহাস গড়েছেন।

রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গে পৌঁছান তিনি। এর মধ্য দিয়ে গত বছর নিজের গড়া ৩১ বার এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ডও নিজেই ভেঙে দিলেন কামি রিতা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘১৪ পিকস এক্সপিডিশন’-এর গাইড হিসেবে বিদেশি আরোহীদের সঙ্গে নিয়ে এবারের অভিযানে অংশ নেন তিনি। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের পর্বতারোহীদের এভারেস্ট অভিযানে সহায়তা করে আসছেন এই অভিজ্ঞ শেরপা।

নেপালের পর্যটন বিভাগ এক বিবৃতিতে এই অর্জনকে “ঐতিহাসিক মাইলফলক” হিসেবে উল্লেখ করে কামি রিতাকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে দেশটির পর্বত পর্যটন শিল্পে তার অসামান্য অবদানেরও প্রশংসা করা হয়েছে।

নেপালের সোলুখুম্বু জেলার থামে গ্রামে জন্ম কামি রিতার। একই গ্রামে জন্মেছিলেন কিংবদন্তি শেরপা তেনজিং নোরগে, যিনি ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি–র সঙ্গে প্রথমবার এভারেস্ট জয় করেছিলেন।

১৯৯৪ সালে প্রথমবার এভারেস্ট আরোহণ করেন কামি রিতা। এরপর ২০১৪, ২০১৫ ও ২০২০ সাল ছাড়া প্রায় প্রতি বছরই তিনি এভারেস্ট জয় করেছেন। কয়েকটি বছরে দুইবার করেও শৃঙ্গে উঠেছেন তিনি।

এদিকে, ৫২ বছর বয়সী নেপালি শেরপা নারী লাখপা শেরপা ১১তমবার এভারেস্ট জয় করে নারীদের মধ্যে সর্বাধিকবার শৃঙ্গজয়ের নিজের রেকর্ড আরও শক্তিশালী করেছেন।

বিদেশিদের মধ্যে এভারেস্টে সবচেয়ে বেশি আরোহণের রেকর্ড রয়েছে ব্রিটিশ গাইড কেন্টন কুল এর। তিনি এখন পর্যন্ত ১৯ বার এভারেস্ট জয় করেছেন। এছাড়া মার্কিন পর্বতারোহী ডেভ হান ও গ্যারেট ম্যাডিসন ১৫ বার করে এভারেস্ট জয় করেছেন।

চলতি মার্চ-মে মৌসুমে এভারেস্টে আরোহণের জন্য ৪৯২টি অনুমতি দিয়েছে নেপাল সরকার। তবে এই মৌসুমেই পর্বতে প্রাণ হারিয়েছেন তিন নেপালি আরোহী।

প্রাইমটিভি/এনজি