দক্ষিণ আমেরিকান ফুটবলে আবারও বর্ণবাদ ইস্যু সামনে এসেছে। ব্রাজিলের খেলোয়াড়দের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের মিডফিল্ডার মাতেও বেনিতেজ মাচুকা-কে চার মাসের জন্য নিষিদ্ধ করেছে কনমেবল। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ তথ্য জানিয়েছে।

ডিয়েগো প্লাসেন্তের অধীনে খেলা এই তরুণ ফুটবলার বর্তমানে ইন্দিপেনদিয়েন্তে ক্লাবের হয়ে খেলেন। প্যারাগুয়েতে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে।

ব্রাজিল দলের অভিযোগ, ম্যাচ চলাকালে আমেলিয়ানো স্টেডিয়ামে মাঠের ভেতর ব্রাজিলিয়ান খেলোয়াড়দের উদ্দেশে ‘বানরের অঙ্গভঙ্গি’ করেন মাচুকা। যদিও ঘটনাটি টেলিভিশন সম্প্রচারে ধরা পড়েনি, তবুও ম্যাচ রেফারি ডেভিড ওহেদার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়। তবে সে সময় মাঠে বর্ণবাদবিরোধী প্রোটোকল কার্যকর করা হয়নি।

কনমেবলের দেওয়া নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, ফিফার নিয়ম অনুযায়ী স্থানীয় প্রতিযোগিতাতেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। ফলে আগামী চার মাস কোনো ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিতে পারবেন না মাচুকা। এমনকি ইন্দিপেনদিয়েন্তের রিজার্ভ দলেও খেলার সুযোগ থাকছে না তার।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কারণ আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর কাতারে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে মাচুকাকে দলে রাখতে চায় তারা।

এর আগে বৈষম্যমূলক আচরণের অভিযোগে আরেক আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নিকেও শাস্তি দেয় উয়েফা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদর ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ‘বানর’ বলে সম্বোধনের অভিযোগে তাকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

প্রাইমটিভি/কেআর