শেষ মুহূর্তের নাটকীয় গোলে জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। হিউস্টনে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল ব্রাজিলের। তবে দুর্দান্ত রক্ষণ আর দ্রুত পাল্টা আক্রমণে ব্রাজিলকে চাপে রাখে জাপান। ২৯তম মিনিটে কাসেমিরোর ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে দূরপাল্লার শটে জাপানকে এগিয়ে দেন কাইশু সানো।

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর ঘুরে দাঁড়ায় কার্লো আনচেলত্তির দল। বদলি হিসেবে এন্দ্রিককে নামানোর পর আক্রমণে গতি ফিরে পায় ব্রাজিল। ৫৬তম মিনিটে গ্যাব্রিয়েল মাগালহায়েসের ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান কাসেমিরো।

সমতায় ফেরার পর একের পর এক আক্রমণ চালায় সেলেসাওরা। তবে জাপানের গোলরক্ষক জায়ন সুজুকির দুর্দান্ত সেভে বারবার হতাশ হতে হয় ব্রাজিলকে।

শেষ পর্যন্ত যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। আও তানাকার ভুলে বল পেয়ে ব্রুনো গিমারায়েসের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে জয়সূচক গোল করেন বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তেনেল্লি।

২-১ গোলের এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। অন্যদিকে দারুণ লড়াই করেও শেষ মুহূর্তের হতাশা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জাপান।

প্রাইমটিভি/এনজি