ইসলামে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, বরং দাম্পত্য জীবনের একটি পবিত্র সূচনা। নতুন জীবনের এই পথচলা যেন ভালোবাসা, শান্তি ও বরকতে পরিপূর্ণ হয়, সে জন্য আল্লাহর কাছে দোয়া ও ইবাদতের মাধ্যমে সংসার শুরু করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।

বাসর রাতে নির্দিষ্ট কোনো নামাজ পড়ার বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সরাসরি সহিহ হাদিস পাওয়া যায় না। তবে সাহাবিদের আমল থেকে স্বামী-স্ত্রীর একসঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায়ের কথা জানা যায়। এটি ফরজ বা ওয়াজিব নয়, তাই আদায় না করলে কোনো গুনাহ নেই।

সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে পরামর্শ দিয়েছিলেন, স্ত্রী ঘরে এলে তাকে পেছনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়তে বলতে। তিনি বলেন, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য আল্লাহর পক্ষ থেকে আসে, আর বিদ্বেষ শয়তানের পক্ষ থেকে। এ বর্ণনাটি মুসান্নাফে আবদুর রাজ্জাক ও তাবারানিতে উল্লেখ রয়েছে।

দুই রাকাত নফল নামাজ শেষে স্বামী-স্ত্রী বরকতের জন্য দোয়া করতে পারেন। দোয়াটি হলো:

اللَّهُمَّ بَارِكْ لِي فِي أَهْلِي، وَبَارِكْ لَهُمْ فِيَّ، اللَّهُمَّ ارْزُقْنِي مِنْهُمْ، وَارْزُقْهُمْ مِنِّي، اللَّهُمَّ اجْمَعْ بَيْنَنَا مَا جَمَعْتَ فِي خَيْرٍ، وَفَرِّقْ بَيْنَنَا إِذَا فَرَّقْتَ إِلَى خَيْرٍ

এর অর্থ, হে আল্লাহ, আমার স্ত্রী ও পরিবারের মধ্যে আমার জন্য বরকত দান করুন এবং তাদের জন্য আমার মধ্যে বরকত দান করুন। আমাকে তাদের মাধ্যমে রিজিক দান করুন এবং তাদেরও আমার মাধ্যমে রিজিক দান করুন। হে আল্লাহ, যতদিন আমাদের একসঙ্গে রাখবেন কল্যাণের সঙ্গে রাখবেন এবং যখন বিচ্ছেদ ঘটাবেন, তখনও কল্যাণের সঙ্গে বিচ্ছেদ ঘটাবেন।

এ ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নববিবাহিত স্ত্রীকে ঘরে আনার পর তার জন্য বরকতের দোয়া করার শিক্ষা দিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, স্ত্রীকে বিয়ে করার পর তার কল্যাণ ও স্বভাবের ভালো দিক কামনা করে এবং তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চেয়ে দোয়া করার নির্দেশনা রয়েছে। এই হাদিসটি আবু দাউদ ও ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে।

দাম্পত্য জীবনের শুরুটা তাই শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর স্মরণ, নফল ইবাদত ও দোয়ার মাধ্যমে শুরু করা যেতে পারে। এতে নতুন জীবনের শুরুতে আল্লাহর সাহায্য ও বরকত কামনার সুযোগ তৈরি হয় এবং স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তি আরও দৃঢ় করার মানসিক প্রস্তুতি তৈরি হয়।

প্রাইমটিভি/এনজি