ঘরের মাঠে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বার্সেলোনা। স্কোরলাইন ভিন্ন কথা বললেও আক্রমনের ঝড় তুলে ক্যাম্প ন্যুর দর্শকদের উন্মাদনায় মাতিয়েছেন রাফিনিয়া-ফারমিন লোপেজরা। নিজেদের প্রথম হোম ম্যাচে এদিন অ্যাটলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

ক্যাম্প ন্যুয়ের রাতটা আক্রমণের ঝড়ে রাঙ্গিয়েছে বার্সেলোনা , কিন্তু স্কোরলাইন বলছে ভিন্ন কথা। শুরু থেকেই অ্যাথলেটিক বিলবাওকে চাপে রাখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা । একবার নয়, বারবার বিলবাওয়ের গোলপোস্ট ও ক্রসবারে লেগে ফিরে আসে বার্সার শট। তার ওপর গোলরক্ষক উনাই সিমনের দুর্দান্ত কিছু সেভ। বার্সার একের পর এক আক্রমণ ঠেকিয়ে যেন একাই দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন এই স্প্যানিশ বিশ্বকাপজয়ী গোলরক্ষক। ম্যাচে ৭০ শতাংশ বলের দখল ছিল বার্সার। ২২টি শটের মধ্যে ১০টিই ছিল টার্গেটে যার আটটিই দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন সিমন।

তবে ম্যাচের ৩৭ মিনিটে নিজেকে আর বাঁচাতে পারেননি তিনি। পেদ্রির দুর্দান্ত রক্ষণচেরা পাস থেকে রাফিনিয়ার নিখুঁত ফিনিশিং। ১-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথম ম্যাচে জোড়া গোলের পর,
এবারও গোল করে মৌসুমে নিজের গোলসংখ্যা তিনে নিয়ে গেলেন ব্রাজিলিয়ান তারকা।

এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ আসলেও উনাই সিমনের দক্ষতায় সে সুযোগ নষ্ট হয়ে যায়।

 বিরতির পরও একই চিত্র। বার্সার আক্রমণে সিমনের কঠোর প্রতিরোধ। ৫৩ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে ইয়ামালের জোরালো শট আছড়ে পড়ে ক্রসবারে। গোলের দেখা না পেলেও কমেনি বার্সার আক্রমণের ধার। গোল পেতে মরিয়া কাতালানদের অপেক্ষার অবসান হয় ৮২ মিনিটে ফারমিন লোপেজ গোল করলে। ২-০ গোলের জয় পায় লীগের ২৯ বারের চ্যাম্পিয়নরা।  

এই জয়ে লা লিগায় টানা দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে বার্সেলোনা। সমান ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতেই শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করল কাতালান ক্লাবটি।

প্রাইমটিভি/এআই