খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৪৩ জন ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে ১৯৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়—১১৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বিভাগের অন্যান্য জেলার মধ্যে যশোরে ২৩ জন, বাগেরহাটে ১৪, মাগুরায় ১৩, কুষ্টিয়ায় ৯, সাতক্ষীরায় ৮, ঝিনাইদহে ৬, নড়াইলে ৫, চুয়াডাঙ্গায় ৫ এবং মেহেরপুরে ২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৫ জনে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭২৬ জন।

এ সময়ে ডেঙ্গুতে বিভাগে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।