চৌমুহনীর দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ নারী ও ৪ পুরুষ

ছবিঃ প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার বাজার এলাকার মিয়ামী ও স্কাইভিউ আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার চার পুরুষ হলেন—সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)। গ্রেপ্তার চার নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল দুটিতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রোববার (৩০ আগস্ট) দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







