যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

সংগৃহীত ছবি
যৌন নির্যাতন ও মানহানির মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ৫৬ লাখ (৫.৬ মিলিয়ন) ডলার ক্ষতিপূরণ বুঝে পেয়েছেন লেখিকা ও সাবেক কলামিস্ট ই. জিন ক্যারল। আদালতের নথি এবং ক্যারলের আইনজীবীর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আদালতের রায় অনুযায়ী, ২০২৩ সালে রায় ঘোষণার পর ট্রাম্প ৫ মিলিয়ন ডলার একটি এসক্রো অ্যাকাউন্টে জমা রেখেছিলেন। সেই অর্থের সঙ্গে সুদ যোগ হয়ে মোট ৫.৬ মিলিয়ন ডলার সোমবার (১৩ জুলাই) ক্যারলকে পরিশোধ করা হয়।
মঙ্গলবার ক্যারলের আইনজীবী রোবার্টা কাপলান অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মামলার দেওয়ানি রায় বহাল রাখার পর বিচারক লুইস এ. কাপলান অর্থ হস্তান্তরের নির্দেশ দেন। ট্রাম্পের আইনজীবীরা অর্থ প্রদান স্থগিত বা বাতিলের আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন। তবে রায়ের বিরুদ্ধে তাদের আপিল প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।
মামলার সূত্রপাত ১৯৯৬ সালের একটি অভিযোগকে কেন্দ্র করে। সে সময় নিউইয়র্কের একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাম্প তার ওপর যৌন নির্যাতন চালিয়েছিলেন বলে অভিযোগ করেন বর্তমানে ৮২ বছর বয়সী ই. জিন ক্যারল। পরে ২০১৯ সালে আত্মজীবনীতে বিষয়টি প্রকাশ্যে আনলে ট্রাম্প অভিযোগ অস্বীকার করেন এবং ক্যারলকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। এরপর নিউইয়র্কের সংশোধিত আইনের সুযোগ নিয়ে তার বিরুদ্ধে মামলা করেন এই লেখিকা।
এদিকে, ২০২৪ সালে পৃথক আরেকটি মানহানির মামলায় ক্যারলকে ৮ কোটি ৩০ লাখ (৮৩ মিলিয়ন) ডলার ক্ষতিপূরণ দেওয়ার যে আদেশ দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধেও বর্তমানে আপিল করছেন ডোনাল্ড ট্রাম্প।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








