পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৫ জুলাই) বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, বেলা ২টা ৩৫ মিনিটের দিকে প্রায় ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন। তাঁরা প্রায় ১৫ থেকে ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ পালন করছেন। শিক্ষা–সংক্রান্ত বিভিন্ন দাবির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি।

বেলা পৌনে ৪টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে তাঁরা সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রাইমটিভি/এমএইচ