ঢাকার কাছের একটি নদীতে অনেক জুলাই শহীদের লাশ ভাসিয়ে দেওয়ার তথ্য তদন্তে: চিফ প্রসিকিউটর

ছবিঃ সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার একটি হাসপাতাল থেকে নিহত অনেকের মরদেহ পাশের একটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে তদন্তে তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের তৎকালীন কর্তৃপক্ষসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান–সংলগ্ন জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকার একটি হাসপাতাল থেকে বহু মরদেহ নিকটবর্তী একটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষ হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে যেসব মরদেহের তথ্য পাওয়া গেছে, সেগুলোর পরিচয় শনাক্তের কাজও চলছে। ডিএনএ পরীক্ষাসহ বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রায়েরবাজারের ওই গণকবরে মোট ১১৪টি মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত আটজন জুলাই শহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মো. আমিনুল ইসলাম বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন গণকবর পরিদর্শন করা হচ্ছে এবং এখন পর্যন্ত ৮৩৪ জন শহীদের মরদেহ শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, রায়েরবাজার ছাড়াও জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গণকবরও পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ করে দায়ীদের বিচারের আওতায় আনা হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






