জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৪শ’ শহীদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম জানান, জুলাই আন্দোলনের সময় একটি হাসপাতাল থেকে কয়েকটি মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের একাধিক গণকবরের সন্ধান পেয়েছে। এসব স্থানের তথ্য-প্রমাণ সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

চিফ প্রসিকিউটর দাবি করেন, জাতিসংঘ ঘোষিত নিহতের সংখ্যার চেয়েও প্রকৃত নিহতের সংখ্যা বেশি হতে পারে। এ বিষয়ে সঠিক তথ্য উদঘাটনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ করে যাচ্ছে।

প্রাইমটিভি/এমআর