রাজধানীর পুরান ঢাকার বংশাল থানাধীন আলুবাজার এলাকার ‘আরমান’ নামে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে রাত দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন সেলুনে চুল কাটতে আসা মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), মো. রফিক (২৫) এবং সেলুনের কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, শমসেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং শাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে ৯ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শাকিবের দগ্ধের পরিমাণ কম হওয়ায় তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এসি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

প্রাইমটিভি/এনজি