বন্যাকবলিত এলাকায় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে চলমান এইচএসসি পরীক্ষা কয়েক দিনের জন্য স্থগিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বন্যার কারণে অনেক শিক্ষার্থী চরম কষ্ট করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছে। কেউ কেউ পানিতে নেমে পরীক্ষা দিতে যাচ্ছে, আবার অনেকে কেন্দ্রেই পৌঁছাতে পারছে না।

শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘পরীক্ষা কয়েক দিনের জন্য পিছিয়ে দিলে এমন কী হতো? পানি কমলে তখন পরীক্ষা নেওয়া যাবে। একজন শিক্ষার্থী যদি পরীক্ষা দিতে গিয়ে পানিতে ডুবে মারা যায়, সেটি অত্যন্ত দুঃখজনক হবে।’

তিনি আরও বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে অবিলম্বে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা উচিত।

এর আগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন রিজভী। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত ঝুঁকি উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কিশোরগঞ্জের হাওর এলাকায় সড়ক নির্মাণের সমালোচনা করে রিজভী বলেন, এ ধরনের প্রকল্পের ফলে প্রাকৃতিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং মাছের আবাসস্থলসহ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/এমএইচ