শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর ‘ব্রয়লার মুরগি’ মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি নতুন পেজ খোলা হয়েছে। পেজটি চালু হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

পেজটিতে ‘We Are the Broiler Generation’সহ বিভিন্ন স্লোগান ব্যবহার করে নিজেদের পরিচয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্টার, মিম ও গ্রাফিক্স প্রকাশ করা হচ্ছে, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অনেক ব্যবহারকারী শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পেজটির বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। তাঁদের দাবি, শিক্ষার্থীদের এ ধরনের মন্তব্যে সম্বোধন করা অনভিপ্রেত এবং তা শিক্ষার্থীদের প্রতি অসম্মানজনক। অন্যদিকে, কেউ কেউ বিষয়টিকে সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাভাবিক ব্যঙ্গ-বিদ্রূপের অংশ হিসেবেও দেখছেন।

এদিকে পেজটি নিয়ে ফেসবুকে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে প্রতিবাদের নতুন ভাষা হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ বলছেন, রাজনৈতিক ও সামাজিক ইস্যুকে কেন্দ্র করে এমন ব্যঙ্গাত্মক প্রচারণা নতুন নয়।

উল্লেখ্য, সম্প্রতি এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সেই ধারাবাহিকতায় ‘Broiler Chicken Party’ নামে ফেসবুক পেজটি তৈরি হওয়ার পর তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রাইমটিভি/এমএইচ