টানা বৃষ্টি ও জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর খুচরা বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। একই সঙ্গে বেড়েছে ডিম ও হাঁসের দামও।

মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি ও পলাশীসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

কারওয়ানবাজারের মুরগি বিক্রেতা আবদুল জলিল জানান, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাঁর ভাষ্য, বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫ টাকা, সোনালি (কক) মুরগি ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ফারুক রহমান বলেন, “গত সপ্তাহেও ব্রয়লার মুরগি ১৭৫ টাকা কেজি দরে কিনেছিলাম। আজ একই মুরগি কিনতে হয়েছে ১৮৫ টাকায়। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কয়েকদিন বাজারে আসতে পারিনি। এসে দেখি কেজিতে ১০ টাকা বেড়ে গেছে।”

ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় পাইকারি বাজারেই মুরগির দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

শুধু মুরগিই নয়, রাজধানীর বাজারে অন্যান্য পোলট্রি পণ্যের দামও বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, হাঁসের দাম প্রতি পিসে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালিতে ৫ থেকে ১০ টাকা এবং হাঁসের ডিমের দাম প্রতি হালিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীদের আশা, বৃষ্টির প্রকোপ কমে সরবরাহ স্বাভাবিক হলে আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দামের চাপ কিছুটা কমতে পারে।