জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা

ছবিঃ সংগৃহীত
জুলাই আন্দোলনের শহীদরা নিজেদের তাজা রক্তের বিনিময়ে জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমে।
মঙ্গলবার (১৪ জুলাই) আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের স্মরণ করার জন্য দলের সব স্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই আন্দোলনের শহীদরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে জাতিকে চিরঋণী করে গেছেন। তাঁদের এই আত্মত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়—এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।”
তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁর ভাষ্য, ‘জুলাই শহীদ দিবস’ জাতির ইতিহাসে যেমন গৌরবের, তেমনি বেদনারও একটি দিন। বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা থাকা উচিত।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা আন্দোলনের সময় রংপুরে আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা আন্দোলনকে দেশব্যাপী গণআন্দোলনে রূপ দেয়। পরবর্তীতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেই আন্দোলনে যুক্ত হন এবং তা একপর্যায়ে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে এক দফা আন্দোলনে পরিণত হয়।
বিবৃতিতে তিনি দাবি করেন, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হন।
জামায়াতের আমির আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ সাড়ে ১৬ বছরের শাসনের অবসান ঘটে। তাঁর দাবি, এর ফলে দেশের মানুষ স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়েছে, যা জুলাই গণআন্দোলনের অন্যতম অর্জন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






