যৌন নিপীড়নের মামলায় ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও ই. জিন ক্যারল । প্রাইম টিভি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের নির্দেশনা অনুযায়ী লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারলকে ৫৬ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পরিশোধ করেছেন।
ফেডারেল আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালে জুরি বোর্ডের দেওয়া রায়ের বিরুদ্ধে ট্রাম্পের সব ধরনের আপিল নিষ্পত্তি হওয়ার পর গত সপ্তাহে এসক্রো অ্যাকাউন্টে রাখা অর্থ ক্যারলের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে একটি ফেডারেল জুরি রায়ে বলা হয়, ১৯৯০-এর দশকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরে ই. জিন ক্যারলকে যৌন নিপীড়ন এবং পরে তাকে নিয়ে মানহানিকর মন্তব্য করার জন্য ট্রাম্প দায়ী।
সর্বশেষ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল গ্রহণে অস্বীকৃতি জানালে মামলার বিচারক ক্ষতিপূরণের অর্থ অবমুক্ত করার নির্দেশ দেন। মঙ্গলবার আদালতের অনলাইন ডকেটের হালনাগাদ তথ্যে অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ই. জিন ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে বলেন, জুরির রায় অনুযায়ী নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ ক্যারল পেয়েছেন এবং এ বিষয়ে তারা সন্তুষ্ট।
অন্যদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস অফিস বিষয়টি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের কাছে পাঠিয়ে দেয়। তবে ট্রাম্পের পক্ষে মামলাটি পরিচালনাকারী আইনজীবী অ্যারন হারিসন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
সূত্র: দ্য গার্ডিয়ান
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







