কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি । প্রাইম টিভি
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সরকার প্রজ্ঞাপনে উল্লেখ করেছে, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার এ রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






