শিক্ষামন্ত্রীর পদত্যাগে ৩ দিনের আল্টিমেটাম

ছবিঃ সংগৃহীত
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বিষয়ে দেওয়া তাঁর সাম্প্রতিক ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সন্ধ্যা ৬টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে চলমান আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
একই সঙ্গে তিনি জানান, গত ১৩ জুলাই অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের সবার কথা বিবেচনায় নিয়ে ওই দিনের পরীক্ষা পুনরায় আয়োজন করতে হবে। এছাড়া আগামী দিনের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশ এবং ভবিষ্যতের পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত করার দাবিও জানান আন্দোলনকারীরা।
এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে রাজধানীতে দিনব্যাপী কর্মসূচি পালন শুরু করেন শিক্ষার্থীরা। সকালে সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের মাধ্যমে আন্দোলনের সূচনা হয়। পরে একাংশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হয়ে মিছিলসহ বকশীবাজারে শিক্ষা বোর্ড কার্যালয় ঘেরাও করতে যায়।
তবে শিক্ষা বোর্ড ভবনের প্রধান ফটক বন্ধ থাকায় আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। এ সময় কয়েকজন শিক্ষার্থী ভবনের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং কেউ ভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি।
পরে বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা আবার সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে সাইন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও নগরবাসী।
অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি আলোচনায় আসেননি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






