শিক্ষার্থীদের নিয়ে মন্তব্বের জন্য দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তাঁর কোনো মন্তব্যে শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত। পাশাপাশি বন্যাজনিত পরিস্থিতিতে অনুষ্ঠিত ১৩ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে।
এর আগে বন্যার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক পরীক্ষার্থীর সঙ্গে আলাপকালে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ সোমবার (১৩ জুলাই) রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর সিটি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে ওই কথোপকথন হয়। শিক্ষার্থীর অভিভাবক মন্ত্রীকে কল করে সন্তানের সঙ্গে কথা বলিয়ে দেন। রোববার (১২ জুলাই) রাতে এ আলাপ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নেন।
সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন। প্রায় ৪৫ মিনিট পর অবরোধ তুলে মিছিল নিয়ে নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে যান। পরে পুলিশ সরে যেতে বললে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।
দুপুরের পর শিক্ষার্থীরা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। এরপর পদযাত্রা করে জাতীয় সংসদ ভবনের দিকে অগ্রসর হন। আসাদ গেট এলাকায় পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটের সামনে অবস্থান নেন।
আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






