শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। একপর্যায়ে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তাঁরা জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। সংসদের অধিবেশন চলাকালে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ এবং ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাহমিদ খান সাব্বির বলেন, “শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকজন শিক্ষার্থী সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ প্রথমে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করে। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদগেট পর্যন্ত সরিয়ে দেয়। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

লাঠিচার্জের পর অধিকাংশ শিক্ষার্থী সরে গেলেও কিছুক্ষণ পর ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী আবার সংসদ ভবনের সামনে ফিরে আসেন। তবে এবার তাঁরা কোনো স্লোগান বা প্ল্যাকার্ড ছাড়াই নীরবে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাঁদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ছিল, প্রশ্ন অস্বাভাবিকভাবে কঠিন করা হয়েছে এবং অভিন্ন প্রশ্নপত্রও আগের বছরের তুলনায় বেশি কঠিন হওয়ায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব অভিযোগের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য কার্যকর পদক্ষেপ এবং পরীক্ষা-সংক্রান্ত সমস্যার সমাধানসহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।

প্রাইমটিভি/এমএইচ