এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।(ছবি: সংগৃহীত)
শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যাদের আপনি ফার্মের মুরগি বলছেন, সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন।’
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে নকলবিরোধী অবস্থানের কথা বললেও বাস্তবে পরীক্ষা ব্যবস্থাপনায় নানা ত্রুটি দেখা গেছে। তিনি বলেন, হাঁটুসমান থেকে বুকসমান পানিতে ডুবে থাকা অবস্থায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের মানসিক চাপ আরও বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ভুল প্রশ্নের জন্য সরকার দুঃখ প্রকাশ না করে উল্টো শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ মন্তব্যের সমালোচনা করে হাসনাত বলেন, শিক্ষার্থীদের কখনোই পরীক্ষামূলক বিষয় হিসেবে ব্যবহার করা উচিত নয়। তার ভাষায়, ‘শিক্ষার্থীরা গিনিপিগ নয়। তাদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন।’
বক্তব্যে তিনি আরও দাবি করেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের কারণেই বর্তমান সরকারের অনেক রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দেশের নীতিনির্ধারকদের অনেকেই নিজেদের সন্তানদের বিদেশে পড়ালেখা করান, অথচ দেশের শিক্ষার্থীদের নানা পরীক্ষামূলক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হলে একই যুক্তিতে ২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন ওঠে। তার দাবি, সংবিধান অনুযায়ী পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা ছিল।
দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা এখনো পর্যাপ্তভাবে পৌঁছেনি।
স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দিয়ে তিনি সোনারগাঁয়ের এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। পাশাপাশি গ্যাস সংযোগ, ভূমি দখল ও চাঁদাবাজির মতো অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে সতর্ক করেন।
পথসভায় উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি-সমর্থিত কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






