এবার সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা, দিচ্ছেন ‘ভুয়া, ভুয়া’ স্লোগান

ছবিঃ সংগৃহীত
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ শেষে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ওই সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধের মাধ্যমে আন্দোলন শুরু করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে যান। সেখানে পুলিশ তাদের সরিয়ে দিলে শিক্ষার্থীরা বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। পরে আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ায় বহু শিক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং অতিরিক্ত কঠিন প্রশ্ন থাকায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
দিনের আন্দোলনের মধ্যেই জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন। যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেখানে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানান।
তবে শিক্ষামন্ত্রীর এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো—সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া, ১৩ জুলাই পরীক্ষা দেওয়া ও পরীক্ষা দিতে না পারা—উভয় শ্রেণির শিক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা আয়োজন এবং ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ ও শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র নিশ্চিত করা।
এরপর সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন তারা।
ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, “দুই দিন ধরে বিভিন্ন স্থানে আন্দোলন করেও আমাদের দাবির পক্ষে কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি। তাই আমরা সংসদ ভবনের সামনে এসেছি, যাতে নীতিনির্ধারকেরা শিক্ষার্থীদের দুর্ভোগ বুঝতে পারেন।”
শিক্ষামন্ত্রীর ঘোষণার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “শিক্ষামন্ত্রীর ঘোষণার ওপর আমাদের আস্থা নেই। অতীতেও অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তাই আমরা মনে করি, তিনি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।”
দিনভর আন্দোলনের সময় ঢাকা শিক্ষা বোর্ডের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন এবং একপর্যায়ে বোর্ডের ফটকের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রাজধানীর পাশাপাশি উত্তরা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কেও শিক্ষার্থীরা অবরোধ করেন। একই দাবিতে বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
রাত পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল।
প্রাইমটিভি/ এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






