রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ কারেন্ট জাল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বালিয়াকান্দি থানার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় র‌্যাব-১০ এবং স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প অভিযানে সহায়তা করে।

অভিযান চলাকালে পশ্চিম বালিয়াকান্দি এলাকার বাসিন্দা সুজন শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা। পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০-এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইমটিভি/এনজি